সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ‘ডিম’ দেশের বাজারে প্রত্যাশিত দামে বিক্রি করতে না পেরে আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে শেষ রক্ষা হয়নি। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পৃথক অভিযানে চার কোটি ৯১ লাখ টাকা দামের ছয়টি স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব স্বর্ণের ওজন দুই কেজি ৭২৮ গ্রাম।
রোববার (১ নভেম্বর) রাতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তার সহযোগিতায় তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা। এগুলোর ওজন এক কেজি ৩৬৪ গ্রাম। একই অভিযানে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এগুলোর ওজন এক কেজি ৩৬৪ গ্রাম।
কাস্টমস গোয়েন্দার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে, স্বর্ণের ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা ছয়টি স্বর্ণের ডিমের বাজার দাম চার কোটি ৯১ লাখ টাকা।