নেত্রকোনার মদনে পাচারকালে দুটি হ্যান্ডট্রলি থেকে ১০০ বস্তা (আনুমানিক ৫ টন) সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি হ্যান্ডট্রলি জব্দ এবং দুই চালককে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযানের পর জব্দ করা চাল, দুটি হ্যান্ডট্রলি এবং দুই চালককে মদন থানা হেফাজতে নেওয়া হয়।
আটক করা দুই চালক হলেন, মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের আবুল কালামের ছেলে মামুন মিয়া ওরফে মাসুম (২৮) এবং একই গ্রামের আব্দুল হকের ছেলে আফার উল্লাহ (২৪)।
পুলিশ জানায়, ফতেপুর গ্রামের দিক থেকে সরকারি চাল বোঝাই করে দুটি হ্যান্ডট্রলি মদন উপজেলা সদরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটি থামিয়ে তল্লাশি করে। তল্লাশিকালে ট্রলিতে ১০০ বস্তা সরকারি চাল পাওয়া যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম জানান, জব্দ করা চালের পরিমাণ আনুমানিক পাঁচ টন। চালের পাশাপাশি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ১৩৫টি খালি বস্তাও উদ্ধার করা হয়েছে। চালগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল—সে বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান বলেও জানান তিনি।