চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুরে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম মনোয়ারা বেগম (৬০), স্বামী মফিজুল হক (৭৫) । 

পুলিশ জানায়, মফিজুলের সঙ্গে তার স্ত্রী মনোয়ারা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরে বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মফিজুল ধারালো হাসুয়া দিয়ে মনোয়ারাকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি ঘরের ফ্যানের হুকে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

পুলিশ আরও জানায়, মফিজুলের পুত্রবধূ শাপলা খাতুন দাওয়াত খেয়ে বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখতে পান যে, তার শাশুড়ি ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে মনোয়ারার রক্তাক্ত মরদেহ ও মফিজুলকে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *