নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের অবরোধচেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা

টানা দুই দিনের সড়ক অবরোধের পর তৃতীয় দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক শ্রমিকদের পুনরায় সড়ক অবরোধের চেষ্টা শুরুতেই পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এদিকে শ্রমিক সহিংসতার ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় এক হাজার ৫০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

​পুলিশ জানায়, টানা দুই দিনের অবরোধের পর আজ বুধবার সকাল থেকেই নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সকাল ৯টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পোশাক শ্রমিকরা পুনরায় জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ আরও জানায়, শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় বড় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। আজ সকালে এসব কারখানার শ্রমিকরা কাজের উদ্দেশে কারখানায় আসেন। নিয়ম অনুযায়ী শ্রমিকদের নিজ নিজ কাজে থাকার কথা থাকলেও পরে তারা কাজ ছেড়ে সড়ক অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধের চেষ্টা করলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সড়ক সচল রাখতে পুলিশ তাৎক্ষণিক টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ফলে শ্রমিকরা সড়কে অবস্থান নিতে পারেনি। ​পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ বাসায় ফিরে যায়। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​অঞ্চল ৪-এর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার আব্দুল্লাহ মাহমুদ জানান, ঐতিহ্যগতভাবে নারায়ণগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলো সহিংসতা থেকে দূরে থাকে। কিছু দুষ্কৃতকারী সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে আমরা শুরুতেই কঠোর অবস্থান নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিই।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সহিংসতার ঘটনায় নারায়ণগঞ্জে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ২১ জনকে এজাহারনামীয় এবং এক হাজার ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *