নড়াইলের কালিয়া শ্মশানঘাট এলাকায় গাঁজা সেবনের দায়ে চার যুবককে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবকরা হলেন উপজেলার হাড়িডাঙা গ্রামের শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের ওলি সরদার (২৩), বাকা গ্রামের বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড়কালিয়ার মাহাবুর গাজী (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের একটি দল শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়। বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলামকে জানানো হয়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দণ্ডাদেশ দেন।
সচেতনমহলসহ বিভিন্ন পেশার মানুষ শহর, গ্রাম-গঞ্জসহ বিভিন্ন এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদককারবারীদের আটকসহ আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান। তারা মনে করেন এমন অভিযানে দেশে মাদকের বিস্তার রোধ হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত এ ধরনের সাজা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।