ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের কক্ষে অভিযান চালিয়ে তাদের ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। আটক যুবকরা হলেন রাজাপুর সদর এলাকার মো. সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা এলাকার ছাবিদ ইসলাম সামি (২০) এবং উত্তর সাউদপুর এলাকার মো. মহিউদ্দিন মারুফ (২০)।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই নির্মাণাধীন ভবনের কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় ওই তিন যুবককে আটক করা হয়। পরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
রিফাত আরা মৌরি বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।