লক্ষ্মীপুরে নকল ঘিসহ নকল কসমেটিকস পণ্য বিক্রির অপরাধে রাজ কুমার চৌধুরী নামে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারদণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ নকল ঘি ও কসমেটিকস জব্দ করে পরে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এ অর্থদণ্ডাদেশ দেন।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় জেবিবিএল এন্টারপ্রাইজের গোডাউন থেকে নকল পণ্যগুলো জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত, র্যাব-১১ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অর্থদণ্ডাদেশপ্রাপ্ত রাজ কুমার রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আকুল চন্দ্র চৌধুরীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানানা, রাজ কুমার নকল ঘি ও বিভিন্ন ধরনের কসমেটিকস বিক্রি করে আসছিলেন। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। তার প্রতিষ্ঠান থেকে বিপুল নকল ঘি ও কসমেটিকস পণ্য জব্দ করা হয়। পরে নকল পণ্যগুলো বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত রাজ কুমারকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম প্রমুখ অংশ নেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।