নওগাঁয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নওগাঁর বদলগাছীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। তিনি উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, মাদক তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজ নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি আনার ওপর জোর দেন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।

সভায় ফজলে হুদা বাবুল তরুণদের মাদক থেকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, খেলার মাঠ সংরক্ষণ ও ক্রীড়াচর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন জনসেবামূলক সমস্যা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুনসহ সকল দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *