দেশে কাঁচামরিচের ঝাল কমাতে ভারত থেকে আমদানি শুরু

দেশের বাজারে কাঁচামরিচের ঝাল কমাতে দীর্ঘ আট মাস ১৪ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় ভারত থেকে চারটি মরিচ বোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। 

বন্দরের আমদানিকারক পলাশ জানান, দক্ষিণাঞ্চলে বন্যায় প্লাবিত হওয়ায় অনেক মরিচের ক্ষেত নষ্ট হয়ে যায়। ফলে দেশের বাজারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পায়। তাই দাম নিয়ন্ত্রণ রাখতে গতকাল রোববার সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়ায় আমরা আমদানি শুরু করি। আজকে ভারতীয় চারটি ট্রাকে ২৯ মেট্রিক টন ৪৪০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। এসব কাঁচামরিচ ভারতের নাসিক থেকে আমদানি করা হয়েছে। প্রতিটন মরিচ ৩০০ ডলারে আমদানি করা হচ্ছে। সেই সঙ্গে শুল্ক, ভ্যাট, লোড-আনলোড  মিলে অনেক দাম কমে বিক্রি হবে।

জানা গেছে, এর আগে গত বছরের ২০ নভেম্বর সর্বশেষ এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়েছে। এরপর আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ হয়ে যায়।

এদিকে আমদানির খবরে হিলি বন্দর এলাকায় খুচরা পর্যায়ে কেজিতে ৩০ টাকা দাম কমেছে। সকালে যে কাঁচামরিচ ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে। তা এক লাফে ৩০ টাকা কমে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী উজ্জ্বল হোসেন জানান, এ বন্দরের ৬৯ ব্যবসায়ী ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। যা আজ সোমবার থেকে আমদানি শুরু হয়েছে। কাঁচা মরিচ পচনশীল পণ্য যাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে না পড়ে তাই অগ্রাধিকার ভিত্তিতে কাঁচামরিচের কোয়ারেন্টাইন ছাড়পত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে হিলি স্থল কাস্টম স্টেশনের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান বলেন, বর্তমান দেশের বাজারে কাঁচামরিচের দাম ঊর্ধ্বগতি হওয়ায় সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। আজ সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চারটি ট্রাকে ২৯ মেট্রিক টন ৪৪০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে।  কাঁচামরিচ পচনশীল দ্রব্য। দ্রুত কাস্টমের সব প্রক্রিয়া শেষে খালাস করা হচ্ছে। যাতে আমদানিকারকরা দ্রুত তাদের পণ্য বাজারে সরবরাহ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *