পাঁচ বছর ধরে কোচিংয়ের বাইরে ছিলেন জিনেদিন জিদান। ইউরোপের বড় বড় ক্লাব, এমনকি বিভিন্ন জাতীয় দলের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। কারণ, তার চোখ ছিল একটি জায়গাতেই-ফ্রান্স জাতীয় দল। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা।
ফরাসি ফুটবল ফেডারেশন আজ জানিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন জিদান। ২০২৬ বিশ্বকাপের পর বিদায় নেওয়া দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে তার নাম অনেক আগেই আলোচনায় এসেছিল। এবার সেই জল্পনার আনুষ্ঠানিক পরিণতি হলো। চার বছরের চুক্তিতে সই করলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ!
দায়িত্ব গ্রহণের পর নিজের আবেগ লুকাননি ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি। তিনি বলেছেন, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। এই দায়িত্ব তার কাছে যেমন সম্মানের, তেমনি গর্বেরও। ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জাতীয় দলকে নিয়ে তার স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা অনেক।
খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক ছিলেন জিদান। কোচ হিসেবেও তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। তার অধীনে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল স্প্যানিশ ক্লাবটি। ২০২১ সালে রিয়াল ছাড়ার পর আর কোনো দলের দায়িত্ব নেননি। সংবাদ সম্মেলনে তিনি জানান, ইচ্ছা করলেই অন্য কোথাও যেতে পারতেন, কিন্তু তার লক্ষ্য ছিল একটাই-একদিন ফ্রান্সের ডাগআউটে দাঁড়ানো।
নতুন দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে জিদান প্রথমেই দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দাবানল মোকাবিলায় নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মীদের প্রতি সমর্থন জানান। পাশাপাশি দীর্ঘদিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া দিদিয়ের দেশমের অবদানেরও প্রশংসা করেন।
২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল ফ্রান্সের। সেই হতাশা পেছনে ফেলে নতুন পথচলা শুরু হচ্ছে জিদানের হাত ধরে। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হতে পারে তার ফ্রান্স-অধ্যায়!
এসএন/পিডিকে