দেড় বছর ধরে খুঁজছিল পুলিশ, চুরির সরঞ্জামসহ মরদেহ মিললো ধানক্ষেতে

মাগুরার মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে চুরির সরঞ্জামসহ উপজেলার বড়রিয়া গ্রামে ধানক্ষেতে বিদ্যুতের একটি খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম শাহিন মিয়া (৩৬)। তিনি উপজেলার পলাশবাড়িয়া গ্রামের নিজাম মোল্লার ছেলে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, নিহত যুবক শাহিনের নামে থানায় একাধিক চুরির মামলা আছে। তার নামে ওয়ারেন্টও আছে। পুলিশ দেড় বছর ধরে তাকে খুঁজছে। সে পালিয়ে থাকে। তিনি আরও বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় গ্রামবাসী রফিকুল, জসিমসহ কয়েকজন জানান, উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিলে ধানক্ষেতে বিদ্যুতের একটি খুঁটির নিচে একটি মরদেহ পড়ে ছিল। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শাহিন কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে ওঠেন। এক পর্যায়ে তিনি ট্রান্সফরমারটিও খুলে ফেলেন। এরপর তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ট্রান্সফরমার খোলা অবস্থায় ছিল এবং চুরির সরঞ্জাম নিচেই পড়ে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *