দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ‘ক্যারিয়ার মিটআপ’

কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, দিকনির্দেশনা এবং চাকরির বাজারের বাস্তব প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা দিতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার মিটআপ-২০২৬’। আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ জাহাঙ্গীর অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

‘তৌহিদ অ্যাসোসিয়েটস’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মণ্ডল। এতে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের বাস্তবমুখী দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, হেড অব প্রোগ্রামস, বিডিজবস ডটকম, মোহাম্মদ আলী ফিরোজ, এইচআর প্রফেশনাল, প্রাণ-আরএফএল গ্রুপের মো. জুবায়ের হোসেন, ন্যাশনাল টিউবস লিমিটেড প্রকৌশলী আমিনুর রহমান রাসেল, প্রতিষ্ঠাতা, ইয়ুথ ইমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউট মো. রাশেদুজ্জামান, সিইও, সাদিয়া আইটি মো. রায়হান মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটইফতেখার আলম।

বক্তারা বর্তমান চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতা, মানসম্মত ও আকর্ষণীয় সিভি তৈরি, করপোরেট গ্রুমিং এবং সরকারি ও বেসরকারি খাতে ক্যারিয়ার গড়ার নানা দিক নিয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং বর্তমান ইন্ডাস্ট্রির চাহিদামতো কারিগরি দক্ষতা এবং সফট স্কিল অর্জনের কোনো বিকল্প নেই।

এই আয়োজন সম্পর্কে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও প্রধান আয়োজক মো. তৌহিদুজ্জামান বলেন, ‘কারিগরি শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই পড়াশোনা শেষে চাকরির বাজারে গিয়ে পিছিয়ে পড়ে। ইন্ডাস্ট্রি এবং একাডেমির মাঝের এই দূরত্ব কমাতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা যেন নিজেদের শিক্ষাজীবন থেকেই ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে পারে।’

যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা বাড়াতে তৌহিদ অ্যাসোসিয়েটস বিগত চার বছর ধরে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সফলভাবে এ ধরনের আয়োজন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *