‘আমার ভাই পুড়ে কঙ্কাল হয়ে গেছে, লাশটা অন্তত ফেরত চাই’
দক্ষিণ আফ্রিকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে রাজীক বেপারী (৫২) নামের এক প্রবাসীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম কালুন্দিপাড়া এলাকায়। রাজীকের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছাতেই স্বজন ও প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, সংসারের দারিদ্র্য দূর করতে এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে মাত্র আড়াই মাস আগে দূর পরবাস দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রাজীক বেপারী। সেখানে তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠানে (দোকানে) কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজীকের কর্মস্থলে আগুন লাগার খবর পায় তার পরিবার। পরবর্তীতে সহকর্মীদের মাধ্যমে স্বজনরা নিশ্চিত হন যে, ওই অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে রাজীক মারা গেছেন।
আকান্না বিজড়িত কণ্ঠে রাজীকের বোন ফাতেমা বেগম বলেন, ‘আমার ভাইয়ের তিন মেয়ে সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। পরিবারের মুখে হাসি ফোটাতে ও স্বাবলম্বী হতেই ভাইটা আমার প্রবাসে গেল। আজ সকালে শুনলাম দোকানে আগুন লেগেছে, আর তার কিছুক্ষণ পরেই খবর এলো ভাই আর নেই! এখন আমার এই এতিম ভাতিজিদের কী হবে?’
নিহতের ভাই সালাম বেপারী বুকফাটা আর্তনাদ করে বলেন, ‘আগুনে আমার ভাইয়ের শরীর পুড়ে নাকি কঙ্কাল হয়ে গেছে! সরকারের কাছে আমাদের একটাই আকুল দাবি, যেন অন্তত ভাইয়ের লাশটা শেষবারের মতো দেখার জন্য দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”