দক্ষিণ লেবাননে অভিযান চালানোর সময় দেশটির সশস্ত্র গোষ্ঠীর (হিজবুল্লাহ) যুব সংগঠনের প্রকাশিত বিভিন্ন সামগ্রী উদ্ধার করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব প্রকাশনায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি এবং ‘শহীদ হওয়ার’ ধারণাকে ‘আইডিওলজিকাল ইনজেকশন’ হিসেবে উৎসাহিত করার বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছে আইডিএফ।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের যেসব এলাকা বর্তমানে তাদের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে, সেখানকার বিভিন্ন গ্রাম ও শহরে টহল দেওয়ার সময় তারা অস্ত্র, সন্ত্রাসী অবকাঠামো এবং হিজবুল্লাহর ইমাম আল-মাহদি স্কাউটস যুব আন্দোলনের প্রকাশনা সংস্থা ‘মাহদি’ থেকে প্রকাশিত বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, উদ্ধার হওয়া একটি উন্নত মানের পোস্টকার্ডে লেখা ছিল—ছোট বয়সে বই পড়ার অভ্যাস মানুষের জীবনের অংশ হয়ে উঠতে পারে, যেমন খাবার খাওয়া বা ঘুমানো দৈনন্দিন জীবনের অংশ।
পোস্টকার্ডটির অপর পাশে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির ছবি ছিল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
প্রশ্ন হচ্ছে, আইডিওলজিকাল ইনজেকশন (Ideological Injection) কী?
এটি মূলত একটি আদর্শ যা কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ বা ব্যবস্থার মধ্যে সুক্ষ্ম বা পরিকল্পিত উপায়ে নির্দিষ্ট কোনো রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা সাংস্কৃতিক আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াকে বোঝায়।
সহজ কথায়, এটি মানুষের চিন্তাচেতনা বা কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর (যেমন: শিক্ষা ব্যবস্থা, গণমাধ্যম বা এআই প্রযুক্তি) মধ্যে নির্দিষ্ট একটি মতাদর্শ ঢুকিয়ে দেওয়ার কৌশল।
লেবাননের ইমাম আল-মাহদি স্কাউটস হলো হিজবুল্লাহর আনুষ্ঠানিক যুব সংগঠন। সংগঠনটি মূলত ভবিষ্যৎ প্রজন্মের সদস্য তৈরির জন্য শিক্ষা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে। দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা, বৈরুতের দাহিয়েহ এলাকা ও রাজধানীর বিভিন্ন অংশ থেকে শিশু-কিশোরদের এই সংগঠনে যুক্ত করা হয় বলে জানিয়েছে আইডিএফ।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে আইডিএফ বলেছে, ইমাম আল-মাহদি স্কাউটস দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের মধ্যে রাজনৈতিক ও সামরিক আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করছে। সংগঠনটি ছোট বয়স থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষমূলক ধারণা তৈরি করে বলে অভিযোগ করা হয়েছে।
আইডিএফের দাবি, মাহদি প্রকাশনা সংস্থা হিজবুল্লাহর অন্যতম প্রচারমাধ্যম হিসেবে কাজ করে। এখান থেকে প্রকাশিত পত্রিকা, ম্যাগাজিন ও প্রচারপত্রে হিজবুল্লাহ যোদ্ধাদের নায়ক হিসেবে উপস্থাপন করা হয় এবং ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের বার্তা দেওয়া হয়।
এসব প্রকাশনায় ইরানের নেতৃত্ব, বিশেষ করে আলি খামেনির প্রতি সমর্থন ও শ্রদ্ধা তৈরির চেষ্টা করা হয় বলেও দাবি করেছে আইডিএফ। বিশেষজ্ঞদের মতে, হিজবুল্লাহ বহু বছর ধরে তরুণ প্রজন্মের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের প্রতি আনুগত্য ও শ্রদ্ধার ধারণা গড়ে তুলছে।
আইডিএফ আরও বলেছে, ইমাম আল-মাহদি স্কাউটস ভবিষ্যতের সদস্য সংগ্রহের একটি মাধ্যম হিসেবে কাজ করে। সংগঠনের কিছু সদস্য পরবর্তী সময়ে হিজবুল্লাহর সক্রিয় সামরিক ইউনিটে যুক্ত হতে পারে, আর অন্যরা দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শের সঙ্গে সম্পৃক্ত থাকে।
তবে আইডিএফের এসব অভিযোগের বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।