টানা পঞ্চমবার সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিনের দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হচ্ছেন এটা অনেকটা নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম সাফের সভাপতি নির্বাচিত হলেন তিনি।

আজ শনিবার (১ আগস্ট) ভুটানে বসেছে সাফের কংগ্রেস। সেখানে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সভাপতি পদে সালাহউদ্দিনের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বি হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে কাজী সালাহউদ্দিনের সভাপতি হওয়ার খবর নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সেই পোস্টে কাজী সালাহউদ্দিনকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, ‘সাফ- এর সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় কাজী সালাউদ্দিনকে আন্তরিক অভিনন্দন! এই অর্জন দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়নে আপনার নিষ্ঠা, দূরদর্শিতা এবং অবিচল অঙ্গীকারেরই এক উজ্জ্বল প্রমাণ। আগামীর পথচলার জন্য আপনার প্রতি শুভকামনা রইল!’

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা বেশি না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে বিজয়ী ঘোষিত হন। ২০০৯ সাল থেকে সফলভাবে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি।

এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও, গত বছর কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সেই বয়সের সীমা তুলে নেওয়া হয়। ফলে সালাহউদ্দিনের নির্বাচনে দাঁড়াতে আর কোনো বাধা থাকেনি।

এদিকে এবারের কংগ্রেসে সাফ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বাড়ছে। বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে জায়গা পেয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে তার সঙ্গে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *