জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেকর্ড

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা-পাল্টা হামলা নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল সরবরাহ সীমিত হয়ে পড়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে লোহিত সাগরের তেল রপ্তানি পথ বন্ধ করে দেওয়ার জন্য তেহরান তার মিত্র ইয়েমেনের হুথি গোষ্ঠীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এই দ্বিমুখী সংকটে বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম চলতি সপ্তাহে প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্স। 

আজ শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় ৯টা ১২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি ৭০ সেন্ট বা ০.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৪.৯৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচারের দাম ব্যারেল প্রতি ৮১ সেন্ট বা ১.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৯.৭৬ ডলারে, যা গত কার্যদিবসের সমস্ত ক্ষতি পুষিয়ে নিয়েছে। এই বৃদ্ধির ফলে ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সপ্তাহের মতো এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো বড় ধরনের সাপ্তাহিক মুনাফা অর্জনের পথে রয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, লোহিত সাগর অঞ্চলটি বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটানোর আরেকটি প্রধান কেন্দ্রে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা বৈশ্বিক তেলের বাজারকে আরও জটিল করে তুলছে। এই দ্বিমুখী ঝুঁকি তেলের দামকে ক্রমাগত ঊর্ধ্বমুখী রাখছে। গত মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর এই প্রথম মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল লক্ষ্য করে একদিনে দুটি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে এবং এই সামরিক অভিযান গতকাল ও আজও অব্যাহত ছিল।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেন, “জ্বালানি নিরাপত্তা এখনও বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ও জটিল সমস্যা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হলে আমাদের বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হবে এবং আমি সত্যিই এটি নিয়ে অত্যন্ত চিন্তিত।”

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে মার্কিন বাহিনী টানা ষষ্ঠ রাতের মতো তেহরানের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় নতুন করে বিমান হামলা শুরু করেছে। পাল্টা জবাবে ইরানও জর্ডানের একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট যদি এভাবে চলতে থাকে, তবে অপরিশোধিত তেলের দাম শিগগিরই ব্যারেল প্রতি ৮০ ডলারের মাঝামাঝি স্পর্শ করতে পারে।

জ্বালানি তেল বিশ্ববাজার

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *