জিদান জ্বরে কাঁপছে ফ্রান্স

অনেক দেশ এবং ক্লাবই চেয়েছিল তাকে নিজেদের ডাগআউটে। তবে সেগুলোকে বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন ফরাসি তারকা জিনেদিন জিদান। অপেক্ষা করেছেন নিজ দেশের ডাগআউটে দাঁড়ানোর সুযোগের। সেই অপেক্ষা ফুরিয়েছে, ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জিদান।

নিজ দেশের কিংবদন্তিকে নিয়ে ফরাসি সমর্থকদের উন্মাদনারও কোনো কমতি নেই। সেটির প্রমাণও মিলল এবার। ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে ঘরের মাঠে জিদানের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র একদিনেরও কম সময়ে!

আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামে হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচের সব টিকিট ফুরিয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।

অবশ্য দেশের মাঠে দর্শকদের সামনে ডাগআউটে দাঁড়ানোর আগেই ফ্রান্সের কোচ হিসেবে জিদানের অভিষেক হয়ে যাবে। আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগের প্রথম ম্যাচে তুরস্কের ঘরের মাঠে খেলতে নামবে ফরাসিরা। এর তিন দিন পর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে তাদের মাঠে খেলবে কিলিয়ান এমবাপ্পে-ওসমান দেম্বেলেরা।

আগামী ২ অক্টোবর প্যারিসে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে জিদানের। এরপর ৫ অক্টোবর ঘরের মাঠেই বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে তার দল।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচেরও প্রথম ক্যাটাগরির সামান্য কিছু টিকিট ছাড়া বাকি সবই শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *