বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, মৌসুমী শিল্পকারখানা থেকে চিনিকলগুলোকে কীভাবে সারা বছর উৎপাদনমুখী রাখা যায়, তা নিয়ে কাজ করছে বর্তমান সরকার।
আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আকস্মিকভাবে নাটোর চিনিকল পরিদর্শনে এসে এ কথা বলেন রিজভী আহমেদ।
প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা বলেন, দেশের চিনিকলগুলো একটা নির্ধারিত মৌসুম পর্যন্ত চালু থাকে। এরপর পড়ে থাকে বাই প্রোডাক্ট। উৎপাদনের মাধ্যমে কীভাবে এগুলোকে সচল রাখা যায়—সে লক্ষ্যে সরকার কাজ করছে।
রিজভী আহমেদ আরও বলেন, দেশে এখন নির্বাচিত সরকার কাজ করছে। কোনো আমি-ডামির সরকার না। তাই দেশের কল্যাণ ও উন্নয়নের জন্য যা যা করা দরকার তা করা হবে।
রিজভী আহমেদ আরও বলেন, ঢাকাকেন্দ্রিক মনোভাব পরিহার করে উদ্যোক্তাদের মাঠ পর্যায়ে আসতে হবে। স্থানীয়ভাবে বিসিকগুলোতে ছোট ছোট কী ধরনের শিল্পকারখানা করা যায়, তা নিয়ে ভাবতে হবে।
এ সময় জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।