কুড়িগ্রামে বর্ণিল আয়োজনে কৃষক সম্মেলন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড ‘মাটি বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও’ প্রতিপাদ্যে এই সম্মেলনের আয়োজন করে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে উপজেলার প্রায় ৫০০ জন কৃষক অংশগ্রহণ করেন। সম্মেলনে কৃষির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্য অর্জন করায় ১৫ জন কৃষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সম্মেলনে মূলত কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি আধুনিক চাষাবাদ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। এছাড়া লুমিনাস গ্রুপের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. সারোয়ার হোসেন, মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোমেন, ডিরেক্টর রুহুল-আমিন ও আর.এম. রাসেল ও ডেপুটি ডিরেক্টর আল হাদি বক্তব্য দেন।

সম্মেলনে অংশ নেওয়া কৃষকরা বলেন, তারা ফসল উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো, জৈব সারের সুষম ব্যবহার এবং রাসায়নিক সারের ক্ষতিকর দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন। এছাড়া কীটনাশক বা বালাইনাশক প্রয়োগের পর নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত ফসল বাজারে বিক্রি না করার মতো গুরুত্বপূর্ণ নিয়মকানুন শেখায় তারা বেশ উপকৃত হয়েছেন, যা নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *