গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার তিতাস থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। আজ শনিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মোয়াজ্জেম হোসেন (৩০)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের তারা মিয়ার ছেলে।
বিকেলে কুমিল্লা নগরীর শাকতলায় অবস্থিত র্যাব-১১ (সিপিসি-২) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেন ঢাকার মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দিলে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
২০২৪ সালের ৬ আগস্ট সারা দেশে সৃষ্ট পরিস্থিতিতে কাশিমপুর কারাগারে ব্যাপক দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় তিনি অন্যান্য বন্দিদের সঙ্গে কৌশলে কারাগারের দেওয়াল টপকে পালিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে মামলা দায়ের করে।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।