কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে সরাসরি ৩-০ সেটে হেরে রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার (২৯ জুলাই) ইসলামাবাদে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় পাকিস্তান। আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই পিছিয়ে থাকা বাংলাদেশ ম্যাচটি হারে ২০-২৫, ১৬-২৫ ও ২০-২৫ পয়েন্টে।
ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। রাউন্ড রবিন পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দলটি। লিগে একমাত্র হার ছিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।
সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত রৌপ্যপদক জিতেই টুর্নামেন্ট শেষ করেছে দলটি।
অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে শ্রীলঙ্কা।