কবে মাঠে ফিরবেন মেসি?

বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হলো। এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। কিন্তু এখনো মাঠে নামা হয়নি আজেন্টাইন তারকার। সমর্থকদের অপেক্ষার পালা এবার শেষ হতে চলেছে। ছুটি শেষে মাঠে ফিরছেন মেসি।

সবকিছু ঠিকঠাক থাকলে মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (২ আগস্ট) ভোরে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচ দিয়েই প্রায় দুই সপ্তাহ পর ফের গোলাপি জার্সিতে মাঠে নামবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

শুক্রবারই মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বকাপ ফাইনাল খেলা মেসি ও তার জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল। রোববারের এই ম্যাচে তারা স্কোয়াডে থাকছেন বলে নিশ্চিত করেছেন মায়ামির কোচ গিলের্মো হয়োস।

কোচ বলেছেন, ‘মেসি ক্লাবে ফেরার পর খুব বেশি সময় হয়নি, তাই এখনো ঠিকমতো কথা বলার সুযোগ মেলেনি। তবে সে ও ডি পল দলে ফেরায় আমরা সবাই আনন্দিত।’

উল্লেখ্য, বিশ্বকাপের বিরতির পর মেসি ও ডি পলকে ছাড়াই খেলা দুটি ম্যাচেই জিতেছে মায়ামি। এর আগে বিরতিতে যাওয়ার আগেও টানা চার ম্যাচে জয় পেয়েছিল ক্লাবটি।

সব মিলিয়ে ১৭ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুই নম্বরে অবস্থান করছে মায়ামি। আর সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল এসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *