কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোনায় স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৪-এর একটি আভিযানিক দল। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারণ, অচিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নেত্রকোনা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও আটজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান রিপন মিয়া।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ধর্ষণের এ ঘটনায় সোমবার রাতে স্থানীয় একটি বাজারে শালিস বসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত হয়। এই শালিসের বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত রিপন একজন কনটেন্ট ক্রিয়েটর হওয়ার সুবাদে ভিকটিমকে দিয়ে বাদীর অগোচরে প্রায় সময় কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির উঠানে রান্না করার সময় রিপন মিয়া জোর করে পাশের জঙ্গলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। ঘটনার সময় তার মা-বাবা দুজনেই বাড়ির বাইরে কাজে ছিলেন। মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে রিপন মিয়া পালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *