এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে

নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরকে ঘিরে নির্মিত হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবন-সংগ্রামের নানা গল্প উঠে এসেছে এবারের আয়োজনে।

লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবারের পর্ব। অনুষ্ঠানকে ঘিরে সেখানে ছিল উৎসবমুখর পরিবেশ।

নতুন পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর একটি গেয়েছেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ।

এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত পরিচিতিমূলক নৃত্যগীতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

দর্শকপর্বেও থাকছে ভিন্ন আয়োজন। লক্ষ্মীপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব দিলারা জামানের সঙ্গে অভিনয়ে অংশ নিয়েছেন।

এবারের পর্বের অন্যতম আকর্ষণ এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী ও লক্ষ্মীপুরের গর্ব নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। পাশাপাশি লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা নিয়েও থাকছে প্রতিবেদন।

এ ছাড়া জেলার সয়াবিন চাষ, একটি অনুপ্রেরণাদায়ী প্রাথমিক বিদ্যালয় এবং নদীভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া এক মাঝির জীবন-সংগ্রাম নিয়ে থাকছে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন।

বিদেশি পর্বে এবার তুলে ধরা হবে বিশ্বের দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ ও উপকূলীয় সড়ক গ্রেট ওশান রোড। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকছে কাশেম টিভির নতুন পর্ব, চিঠিপত্র এবং সমসাময়িক নানা সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

বরাবরের মতো ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

নতুন পর্বটি প্রচার হবে আগামী ৩১ জুলাই, শুক্রবার, রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *