এবার জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে কিছুই ঘটেনি

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে আবারও হামলার অভিযোগ ওঠেছে। তবে পুলিশ বলছে, এমন কিছুই ঘটেনি। এনসিপির নেতাদের সঙ্গে সার্বক্ষণিক পুলিশ প্রহরা ছিল।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু।

রাতে জৈন্তাপুর থেকে ফেরার পথে চলন্ত গাড়িতে ঢিল ছুঁড়ে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয় বলে সিলেট সার্কিট হাউজে এসে অভিযোগ করেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে তিনিসহ দুজন আহত হয়েছেন বলেও দাবি করেন। এই হামলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাফফারা দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পেজে দেওয়া দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করা হয়, আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। স্ট্যাটাসের সঙ্গে একটি ভিডিও যুক্ত করে দেওয়া হয়। যাতে দেখা যায়, মাইক্রোবাসের গ্লাস ভাঙা, গাড়ির ভেতরে একজনের হাত থেকে রক্ত বের হচ্ছে।

হামলার অভিযোগ অস্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সঠিক নয়। এরকম কিছুই ঘটেনি। সমাবেশ শেষে তাদের নিরাপদে সিলেট পৌঁছে দেওয়া হয়। পুরো রাস্তায় তাদের সঙ্গে পুলিশ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *