আর্চারির উন্নয়নে সৌদি-বাংলাদেশের মতবিনিময়

এশীয় অঞ্চলে আর্চারি খেলার মান আরও উঁচুতে নিতে এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে এক টেবিলে বসেছেন বাংলাদেশ ও সৌদি আরবের ক্রীড়া ব্যক্তিত্বরা। সৌদি আরবে এক সৌজন্য সাক্ষাত করেছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সৌদি আরব আর্চারি ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবি।

সৌদি আরবের মাটিতে আর্চারির চলমান অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা নিয়ে এই বৈঠকে খোলামেলা আলোচনা হয়। বৈঠকে দুই দেশের শীর্ষ এই ক্রীড়া সংগঠকরা স্বীকার করেছেন যে, এশিয়ায় আর্চারিকে আরও বেশি জনপ্রিয় ও প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে হলে যৌথভাবে হাত মিলিয়ে কাজ করতে হবে।

বিশেষ করে খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণ কর্মসূচি চালু, কোচ ও টেকনিক্যাল স্টাফদের দক্ষতা বৃদ্ধি এবং দুই দেশের যৌথ ক্যাম্প আয়োজনের মাধ্যমে উভয় দেশের আর্চাররাই সমভাবে লাভবান হবেন বলে তারা একমত পোষণ করেছেন।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও দক্ষতা বাড়াতে আধুনিক সুযোগ-সুবিধা এবং উচ্চপর্যায়ের ট্রেনিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বৈঠকে। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর্চারির বিস্তার ঘটাতে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ঠিক কী ধরনের ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে সৌদি ফেডারেশন প্রধানের সঙ্গে বিস্তারিত কথা বলেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

এছাড়া দুই দেশের আর্চারদের নিয়ে যৌথ ট্রেনিং ক্যাম্প এবং বিভিন্ন ফ্রেন্ডলি টুর্নামেন্ট বা প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথা নিয়েও বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। খেলোয়াড় ও কোচদের অভিজ্ঞতা বিনিময়ের পথ সুগম হওয়ার মাধ্যমে দুই দেশের ক্রীড়া কূটনীতি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *