আবু সাঈদসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে ভোটাধিকার ফিরে পেয়েছি : আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, আবু সাঈদ ও কেরানীগঞ্জের রিয়াজসহ হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। গণতন্ত্র ফিরে পেয়েছি। জনগণ ভোট দিতে পেরেছে। জনগণের ভোটের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপি জনগণের দেওয়া ক্ষমতাকে সঠিক দায়িত্ব হিসেবে পালন করবে।

আমান উল্লাহ আমান শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ১৭ বছর পরে কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়নের কাজিরগাঁও কুমলি সড়কের সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন।

সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মানুষ সেই সুফল পাচ্ছে।

আমান উল্লাহ আমান আরও বলেন, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গত ১৭ বছর কোনো উন্নয়ন হয়নি। শুধু লুটপাট করে চলেছে তারা। আগামীতে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ মডেল থানা এলাকাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের। স্কুল-কলেজ-মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সড়কের ব্যাপক উন্নয়ন করার চিন্তা রয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন হাজী মো. নুরুল আমিন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, সুজন মাহমুদ, তাজুল ইসলাম, শেখ মুন্নাফ ও মো. আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুম্মন রেজা।

দীর্ঘ ১৭ বছর পর গ্রামবাসী যাতায়াতের জন্য রাস্তাটি সংস্থার কাজ উদ্বোধন করায় সাধারণ গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *