জয়পুরহাট জেলা এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি তার লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলার বিভিন্ন কর্মসূচিতে সর্বদা সক্রিয় ভূমিকাও রেখেছেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা এবং বয়স বৃদ্ধির কারণে দলের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একই সাথে দায়িত্ব পালনকালে দলের সকল স্তরের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পাওয়া সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সদ্য পদত্যাগকারী জেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, আমি লিখিত আবেদনের মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে চলতি মাসের ২ তারিখে (২ জুলাই) পদত্যাগপত্র পাঠিয়েছি। কিন্তু কেন্দ্রীয় কমিটি থেকে এ ব্যাপারে কোনো রেসপন্স (সাড়া) না করায় আজ শুক্রবার (১৭ জুলাই) এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে আনুষ্ঠানিকভাবে আমার পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *