১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম কিনবে সরকার

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম কিনবে সরকার। আগামী ৩ মে থেকে সারা দেশে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। 

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি বোরো ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হবে। নির্ধারিত দামে সরাসরি কৃষক ও মিলারদের কাছ থেকে এসব খাদ্যশস্য সংগ্রহ করা হবে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী, এ মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করবে সরকার। ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে, আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।

সরকারের হিসাবে, বর্তমানে দেশে চালের মজুত স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। সরকারি গুদামে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত আছে বলে জানিয়েছেন মন্ত্রী।

অন্যদিকে, দেশে বছরে গমের মোট চাহিদা ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টন। এর মধ্যে দেশীয় উৎপাদন হয় ৭০ থেকে ৭২ লাখ টন। ঘাটতির অংশ পূরণে প্রতিবছর প্রায় ৮ লাখ টন গম সরকারিভাবে আমদানি করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান,  বোরো মৌসুমে সরকারি এ সংগ্রহ কার্যক্রম কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে যেমন ভূমিকা রাখবে, তেমনি বাজারে অতিরিক্ত সরবরাহজনিত দরপতন ঠেকাতেও সহায়ক হতে পারে। তবে কার্যকর বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *