বাস-ট্রাকসহ সব ধরনের সড়ক পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, আজকের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে পরিবহন খাত বড় ধরনের আর্থিক চাপে পড়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি আমদানিকৃত যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও বৃদ্ধি পেয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে পরিবহন খাতকে টিকিয়ে রাখতে জ্বালানির মূল্য ও পরিচালনা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত এবং যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ জরুরি।
এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিআরটিএর কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া সমন্বয়ের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা মন্ত্রণালয় চূড়ান্ত করবে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বর্তমানে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ভাড়ায় পরিবর্তন আসতে পারে।
এসএন/পিডিকে