ক্রিকেট বিশ্বে একসময় তীব্র আলোড়ন তোলা প্রায় আট বছর আগের সেই আলোচিত বল টেম্পারিং বা ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন অস্ট্রেলিয়ার সাবেক উদ্বোধনী ব্যাটার উসমান খাজা। সম্প্রতি নিজের আত্মজীবনী নিয়ে লেখা বই প্রকাশ উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কাউকে নতুন করে বিপদে ফেলা তার উদ্দেশ্য নয়; বরং সবার সামনে ‘প্রকৃত সত্য’ তুলে ধরতেই তিনি এই পুরোনো ঘটনা প্রকাশ্যে এনেছেন।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে শিরিষ কাগজ বা স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিং করার সেই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম বড় কলঙ্ক হিসেবে পরিচিত।
ওই ঘটনায় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফট কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন।
তবে পুরো দলের অপরাধের দায় কেবল এই তিনজনের কাঁধে চাপিয়ে দেওয়ার বিষয়টি শুরু থেকেই মেনে নিতে পারেননি খাজা।
নিজের আত্মজীবনী ‘সবর’-এ খাজা দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন পোর্ট এলিজাবেথের (বর্তমান গেবেরহা) সেন্ট জর্জেস পার্কের ড্রেসিংরুমে খোলাখুলি আলোচনার মাধ্যমেই মূলত স্যান্ডপেপার বা শিরিষ কাগজ দিয়ে বল ঘষার উপায় বের করা হয়েছিল। সেই সময় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ চরম হতাশায় হাত ওপরে তুলে দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি এই বিষয়ে আর কিছু জানতে চান না।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাজা জানান, শুরু থেকেই দলগতভাবে এই দায় স্বীকার করার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন। এমনকি ২০২১ সালেও দলের সবাইকে নিয়ে বিষয়টি খোলাসা করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বোলারদের একটি অস্বীকারমূলক বিবৃতির কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি।
রোববার ইনস্টাগ্রামে পাঁচ মিনিটের একটি ভিডিওতে খাজা বলেন, ওই ঘটনার কয়েক দিন পরই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলার পরিকল্পনা ছিল তার। তবে নিষেধাজ্ঞায় থাকা স্মিথ তাকে সেটা করতে দেননি। পুরো দল যাতে কেলেঙ্কারির দায় স্বীকার করে নেয়, সে জন্য ২০২১ সালে আরও একবার চেষ্টা করেন খাজা। কিন্তু এর আগেই বোলারদের একটি আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসে, যেখানে তারা এই বিষয়ে কোনো কিছু জানার কথা অস্বীকার করে।
খাজা আরও জানান, ক্রিকেট থেকে অবসরের পর নিজের বইয়ে সব সত্যি তুলে ধরবেন বলে শৈশবের বন্ধু ডেভিড ওয়ার্নারকে তিনি আগেই কথা দিয়েছিলেন। যারা শাস্তির মুখে পড়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট বিশ্বে ‘প্রতারক’ হিসেবে অপমানের শিকার হয়েছেন, সেই স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের আসল ন্যায়বিচার হওয়া উচিত বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটার।
কাউকে নতুন করে কাঠগড়ায় দাঁড় করাতে নয়, বরং দল হিসেবে সবাই মিলে অতীতে ঘটে যাওয়া ভুলের দায় স্বীকার করে চিরতরে এই কলঙ্কিত অধ্যায়টি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্যই তার এই উদ্যোগ বলে জানিয়েছেন সদ্য অবসরে যাওয়া এই অসি ক্রিকেটার।