রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুন ও ঢাবিসহ রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বলে জানা গেছে।
অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল।
এদিকে, রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় ঢাবি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
এছাড়া, পল্লবী থানার সামনে, মিরপুর-১ সনি হলের সামনে এবং মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।