আন্তর্জাতিক এমির মঞ্চে প্রথম ভারতীয় উপস্থাপক বিজয় সেতুপতি

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। ৫৪তম আসরে পুরস্কার উপস্থাপনা করবেন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এমির মঞ্চে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে পুরস্কার তুলে দেওয়ার সুযোগ পাচ্ছেন এই তারকা।

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার ৫ নভেম্বরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবে এবারের আয়োজন। অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকবেন হলিউড অভিনেতা মাইকেল ইউরি। আন্তর্জাতিক এমি কর্তৃপক্ষও ৫ নভেম্বর তাঁর নাম ঘোষণা করেছে। 

এবারের আসরে ভারতের দুটি মনোনয়নও রয়েছে। সনিলিভের সিরিজ ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’ মনোনীত হয়েছে সেরা নাট্যধারাবাহিক বিভাগে। অন্যদিকে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বীর দাসের কমেডি অনুষ্ঠান ‘ফুল ভলিউম’ লড়বে সেরা কমেডি বিভাগে। 

এর আগে, ২০২৪ সালে ৫২তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের উপস্থাপক হয়েছিলেন বীর দাস। এবার পুরস্কার উপস্থাপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব আরও বাড়াচ্ছেন বিজয় সেতুপতি।

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। সামনে তাঁকে দেখা যাবে মাইস্কিনের ‘ট্রেন’, মণি রত্নমের ‘ইঞ্জি ভেল্লাম’ এবং ‘পকেট নভেল’ সিনেমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *