স্বর্ণের দাম কমল, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে দুই হাজার ৭৪১ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমানো হয়।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

নতুন দাম অনুযায়ী, আজ সকাল থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫২ হাজার ৪০ টাকা।

গতকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৯ হাজার ৩৪১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *