পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ১২০ ঘণ্টা অর্থাৎ পরবর্তী ৫ দিনের জন্য নতুন আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশ প্রধানত শুষ্ক থাকলেও আগামী ৮ থেকে ১০ নভেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা৮ মিনিটে।

দ্বিতীয় দিন (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তৃতীয় দিন (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

চতুর্থ দিন (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পঞ্চম দিন (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই দিনে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া সংস্থাটি আরও জানিয়েছে, বর্ধিত ৫ দিনের শেষভাগে দেশের তাপমাত্রা আরও কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *