কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতনেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে (৪০) ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রানাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। তিনি জানান, আজ সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিলেন শাহরিয়ার জামান রানা। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ঘটনাটি ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। জড়িতদের আটক করতে এবং ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করে যাচ্ছে।