বান্দরবানে সাঙ্গু নদী দিয়ে অবৈধভাবে বাঁশ পাচারের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় পরিবহণ করা বাঁশও জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাতে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা সাঙ্গু নদীতে এ অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী জানায়, নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহণের সময় নুরুল ইসলামকে বাঁশসহ আটক করা হয়। পরে ক্যাম্প কমান্ডার পরিবহণ করা বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। এ সময় বাঁশ পরিবহণের বৈধতার বিষয়ে অসংগতি পাওয়া যায়। পরে জব্দ করা বাঁশ বান্দরবান বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি মানুষের জানমাল, প্রাকৃতিক সম্পদ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে।