ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ভারতের সঙ্গে সমঝোতা করেই বিএনপি ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে, অন্যথায় ট্রানজিট বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীতে এনসিপির আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন নাহিদ।

তিনি বলেন, ‘দেশে তরুণদের রক্তদানের মধ্যে দিয়ে দেশে পটপরিবর্তন হয়েছে। সেটাকে শুধু ক্ষমতার পটপরিবর্তন হিসেবে দেখতে চাইনি। বর্তমান সরকার দল পটপরিবর্তনকে ক্ষমতার পটপরিবর্তন হিসেবে দেখতে চেয়েছে। গত ৭ মাসে সরকার তরুণদের জন্য কি করেছে সেটা আপনাদের মুল্যায়ন করতে হবে।’

এসময় গণভোটের রায় বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও দেশের স্বার্থে পানির হিস্যা নিশ্চিতের দাবি জানান নাহিদ। দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারিও দেন এনসিপি আহ্বায়ক।

তিনি বলেন, ‘যদি নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি পানি না আসে, তাহলে কোনো করিডোর হবে না, ট্রানজিট হবে না। যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তবে কোন ভারতীয় চ্যানেল এদেশে চলবে না।’

অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘১১ দলীয় জোটে কোনো দূরত্ব তৈরি হয়নি, বরং তারা আরও কাছাকাছি রয়েছে।’ পাশাপাশি নিজস্ব রাজনৈতিক অবস্থান নিয়ে মাঠে থাকার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *