৮ এপিবিএন-এর অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান মো. রফিক আটক

কক্সবাজারের উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান মো. রফিককে (৪০) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। এ সময় তার কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র চোরাচালান এবং বিশাল সশস্ত্র ক্যাডার বাহিনী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

শনিবার (২৪ অক্টোবর) তারিখ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯ এর ব্লক-সি/৫ এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান মো. রফিক তার দলীয় সদস্যদের নিয়ে একটি গোপন বৈঠকে মিলিত হয়েছে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে ৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর দিকনির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিঃ) সঞ্জয় কুমার কুন্ডুর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. রফিককে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক ও ব্যাপক জিজ্ঞাসাবাদে রফিক স্বীকার করে যে, সে একটি সক্রিয় রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’-এর প্রধান। তার নেতৃত্বাধীন দলে বাংলাদেশে আনুমানিক ৩০০ জন এবং মিয়ানমারে প্রায় ৪০০ জন সশস্ত্র সদস্য রয়েছে। এছাড়া তার ও তার দলের সদস্যদের হেফাজতে ৯০টি আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে সে। তবে বাংলাদেশের সদস্যদের কাছে অস্ত্র থাকার বিষয়ে সে বিভ্রান্তিকর তথ্য দেয়।

পুলিশ জানায়, ধৃত আসামী একজন দুর্ধর্ষ সশস্ত্র সন্ত্রাসী। সে ও তার সহযোগীরা ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব অবৈধ কার্যক্রমের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তারা দলবল সুসংগঠিত করে ক্যাম্পের স্থিতিশীলতা বিনষ্ট এবং ধ্বংসাত্মক কাজের পরিকল্পনা করছিল, যা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সাধারণ এফডিএমএন ও স্থানীয় জনসাধারণের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে উখিয়া থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম জানান, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন নিয়মিত অভিযান পরিচালনা করছে। ‘ইসলামী মাহাজ’ প্রধান রফিকের দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *