১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার কোটি টাকার বেশি

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৯১ কোটি ৬৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৮ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই ১২ দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২২ কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। এরপর ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *