সংঘাত মোকাবিলায় প্রস্তুত ইরান, সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা

যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুপক্ষের নতুন হুমকি বা যুদ্ধের আশঙ্কা মোকাবিলায় ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল-রেজা। তিনি জানিয়েছেন, বিগত যেকোনো সময়ের সংঘাতের চেয়ে বর্তমানে ইরানের সামরিক প্রতিরক্ষা সক্ষমতা অনেক উন্নত, সর্বাধুনিক ও শক্তিশালী। 

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ইরানি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন জেনারেল মজিদ ইবনে আল-রেজা। খবর তাসনিম নিউজ এজেন্সির।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা মনে করছেন যে, ঘন ঘন হুমকি দিয়ে ইরানের সংকল্প নড়বড়ে করা যাবে কিংবা ইসলামি প্রজাতন্ত্রকে ভীত করা যাবে। তবে তারা ‘গুরুতর ভুলের’ মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শত্রুপক্ষকে বুঝতে হবে যে হুমকি-ধমকি দিয়ে ইরানকে বশ মানানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের এসব হুমকি মূলত রাজনৈতিক বক্তব্য বা বার্তা, যার পেছনে প্রকৃত কোনো সামরিক সক্ষমতার ভিত্তি নেই।

মজিদ ইবনে আল-রেজা আরও জোর দিয়ে বলেন, ইরান কখনোই তার প্রতিবেশী বা আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি ছিল না। ভবিষ্যতেও হবে না। তেহরান সবসময় প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য রক্ষা করে চলেছে।

যদি আরেকটি যুদ্ধ শুরু হয়, তবে ইরান আগের যেকোনো সংঘাতের চেয়ে আরও শক্তিশালী প্রযুক্তিগত অবস্থান থেকে পদক্ষেপ নেবে বলে সতর্ক করেন এই সামরিক কর্মকর্তা।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্যাখ্যা করেন, ইরান মাঝে মাঝে প্রকাশ্যে যা প্রদর্শন করে, তা দেশটির প্রকৃত প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র অংশ মাত্র। এই খাতের উন্নয়ন ও অগ্রযাত্রা পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। ইরান নিজেদের স্বাধীন সক্ষমতা, নিজস্ব ইচ্ছা ও অভ্যন্তরীণ দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *