সংঘাত ভুলে আমিরাতের সঙ্গে নতুন সূচনার বার্তা ইরানি প্রেসিডেন্টের

ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ভুলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরুর ইচ্ছে প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ইরানি প্রেসিডেন্ট। এই বৈঠকের পরই ইরানের পক্ষ থেকে ইতিবাচক বিবৃতি দেওয়া হলো।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গে আমাদের গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পেছনের সংঘাতময় অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করব, ভবিষ্যতের দিকে তাকাব এবং একসঙ্গে যৌথ সমৃদ্ধি গড়ে তুলব।

সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার প্রেক্ষিতে ইরানের অভ্যন্তরীণ পাল্টা পদক্ষেপ এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার পর এটিই ছিল ইরান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রত্যক্ষ কূটনৈতিক যোগাযোগ।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নয়াদিল্লিতে আয়োজিত এই বৈঠক মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং বাণিজ্য ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিকস সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতাই সংঘাত এড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *