ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে : মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে। আর বিএনপি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এবং দেশকে ভালোবাসে বলে এই ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশ ও বিএনপি একটি অভিন্ন নাম।  বিএনপিকে ওয়ান-ইলেভেনের সময় অপসারণ করে অন্যের কুক্ষিগত একটি রাষ্ট্রের অধীনস্ত করার পরিকল্পনা করা হয়েছিল। ফলে দীর্ঘ ১৭ বছর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছিল। সেই অন্যায়ের বিচার আজকে হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাহেপ্রতাব এলাকার তাঁত বোর্ড ইনিস্টিটিউটের অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিগত ১৭ বছর যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে একটি নতুন সাজে গড়ে তুলতে প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করে যাচ্ছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু আমরা ন্যায়বিচার চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।

মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো দিন পিছনের দিকে তাকাননি। বিএনপির ইতিহাস সামনে চলার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস পিছনে চলার ইতিহাস। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে কিন্তু তিনি তা একটি একটি করে বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা,  রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,  জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবুল,  যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ,  ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *