জীবনানন্দ দাশের বায়োপিক নিয়ে আসছেন গৌতম ঘোষ

বাংলা সাহিত্যের নির্জনতম কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য ও অন্তর্দ্বন্দ্ব এবার বড়পর্দায় রূপায়িত হতে চলেছে। পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষ এবং বাংলাদেশের প্রবীণ প্রযোজক হাবিবুর রহমান খান যৌথভাবে এই নতুন চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন। এর আগে ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’ এর মতো আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র উপহার দেওয়া এই জুটি এবার হাত দিতে চলেছেন জীবনানন্দের জীবনালেখ্য নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক হাবিবুর রহমান খান জানান, কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের বহুল আলোচিত উপন্যাস ‘একজন কমলালেবু’ অবলম্বনে নির্মিত হবে এই সিনেমাটি। কবি জীবনানন্দ দাশের জীবন, তার সৃষ্টিশীল সাহিত্য এবং অন্তরের নানা দ্বন্দ্বকে গল্পের মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হবে। দীর্ঘকাল ধরে জীবনানন্দকে নিয়ে গবেষণা করে আসছেন গৌতম ঘোষ এবং ইতোমধ্যে তিনি উপন্যাসটির লেখক শাহাদুজ্জামানের সঙ্গেও লন্ডনে বৈঠক করেছেন।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশের কোনো শিল্পীকে নেওয়ার শর্ত দিয়েছেন প্রযোজক হাবিবুর রহমান খান। কবির সাধারণ শারীরিক গঠন ও তার জন্মভূমির আবহ ধরে রাখতেই এই সিদ্ধান্ত, যাতে নির্মাতা গৌতম ঘোষও সম্মতি জানিয়েছেন। এছাড়া জীবনানন্দের শেষ জীবনের অনুরাগী ও পরবর্তীতে তার অপ্রকাশিত লেখা উদ্ধারকারী ভূমেন্দ্র গুহ চরিত্রটিতে অভিনেতা আফজাল হোসেনকে ভাবা হচ্ছে। দীর্ঘ ক্যারিয়ারে ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ থেকে শুরু করে বহু জনপ্রিয় ছবি উপহার দেওয়া হাবিবুর রহমান খান জীবনানন্দকে নিয়ে এই সিনেমা নির্মাণকে দেখছেন তার জীবনের অন্যতম বড় স্বপ্ন ও আবেগ হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *