এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের বাঁচা-মরার ম্যাচে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। কিন্তু এমন ম্যাচেও হতাশায় ঘেরা পারফরম্যান্স উপহার দিলেন ফুটবলাররা। সময়ের সবচেয়ে শক্তিশালী দল নিয়েও কোনো প্রতিরোধই করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ফলাফল হিসেবে টানা দুই হারে বাছাইপর্ব থেকেই ছিটকে গেল বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে সিরিয়া অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিরিয়া। বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। তবে প্রথমার্ধের বেশির ভাগ সময় গোলের দেখা পায়নি সিরিয়া। বাংলাদেশও কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও সেগুলো সিরিয়ার রক্ষণে বড় কোনো সমস্যা তৈরি করতে পারেনি।
প্রথমার্ধের শেষ দিকে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির ঠিক আগে দ্রুত দুই গোল করে বাংলাদেশকে বড় ধাক্কা দেয় সিরিয়া। ম্যাচের ৪৩তম মিনিটে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান সিরিয়ার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়।
প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই যোগ করা সময়ে আবারও বাংলাদেশের জালে বল পাঠায় তারা। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া সিরিয়া দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির চেষ্টা থাকলেও সিরিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। উল্টো প্রতিআক্রমণে বারবার বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে সিরিয়া।
ম্যাচের শেষদিকে এসে তৃতীয় গোলের দেখা পায় সিরিয়া। ৮৭তম মিনিটে বাংলাদেশের এক মিডফিল্ডারের ফাউল থেকে বক্সের অনেকটা বাইরে ফ্রি-কিক পায় তারা। সেটি কাজে লাগিয়ে সহজেই গোল আদায় করে নেয় সিরিয়ান যুবারা। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-০।
শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিরিয়া। পুরো ম্যাচে বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে বাংলাদেশের চেয়ে পরিষ্কারভাবেই এগিয়ে ছিল তারা।
এ নিয়ে বাছাইপর্বে টানা দ্বিতীয় হার দেখল বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলার যুবারা। ফলে দুই ম্যাচে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। কার্যত শেষ হয়েছে মূলপর্বে যাওয়ার আশাও।
অনেকটা নিয়মরক্ষার ম্যাচে আগামী ৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল।