অভিনয় থেকে দীর্ঘদিন ধরেই দূরে রয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। স্বামী-সন্তান ও সংসার নিয়ে ঢাকার ধানমন্ডিতে থাকছেন তিনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নামে ছড়িয়ে পড়া একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। তবে ছড়িয়ে পড়া ওই বক্তব্য নিজের নয় বলে জানিয়েছেন পপি।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, পপি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ বিষয়টি নজরে আসার পর এর প্রতিবাদ করেন তিনি।
পপি বলেন, ‘আমি কোথাও কিন্তু এই কথাটা বলিনি। বরং ফিল্ম করে আমি সুনাম, সম্মান, রাষ্ট্রীয় সম্মান এবং দর্শকের ভালোবাসা পেয়েছি। আমার ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি।’
নিজের নামে ছড়িয়ে পড়া বক্তব্যকে মিথ্যা দাবি করে পপি বলেন, ‘আমি কোথাও বলিনি, সিনেমায় অভিনয় করে পাপ কামিয়েছি। আর সেসব পাপ এখন ধুয়েমুছে মরতে চাই। আমার নামে যা ছড়ানো হচ্ছে, এসব সম্পূর্ণ ভুল, মিথ্যা। কোনো যাচাই-বাছাই ছাড়া এ ধরনের একটা বক্তব্য আমার নামে যাঁরা ছড়িয়েছেন, তাঁরা অন্যায় করেছেন, তাঁরাই পাপ করেছেন।’
অভিনয়কে কখনোই পাপ হিসেবে দেখেননি জানিয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্র আমার কাছে বরাবরই সম্মানের জায়গা। জীবিকার তাগিদে অভিনয় করেছি এবং সেই কাজের মাধ্যমে পেয়েছি সম্মান ও ভালোবাসা। এটা আমার পেশা। অভিনয় করে যে সম্মান ও সম্মানী পেয়েছি, তাতে আমার সংসার যেমন চলেছে, দেশ-বিদেশের মানুষের কাছ থেকে সম্মান ও ভালোবাসাও পেয়েছি।’
তিন দশকের অভিনয়জীবন নিয়ে গর্বিত পপি বলেন, ‘রাজ্জাক ভাই, আলমগীর ভাই, কবরী আপা, শাবানা আপা, ববিতা আপা এবং অনেক বড় মাপের অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালক ও কলাকুশলীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। নিজেকে নিয়ে অনেক গর্ব করি, আমি এই ইন্ডাস্ট্রির মানুষ। এই ইন্ডাস্ট্রি আমার পরিবার।’
নিজের নামে ছড়ানো বক্তব্যকে সত্য ধরে মন্তব্য করায় বাপ্পারাজ ও শাহরিয়ার নাজিম জয়ের প্রতিক্রিয়াতেও কষ্ট পেয়েছেন তিনি। পপির ভাষায়, ‘সবচেয়ে খারাপ লেগেছে, বাপ্পারাজ ও জয় ভাইয়ের মতো মানুষেরা আমি এ ধরনের কথা বলতে পারি, তা বিশ্বাস করেছেন! এমন কথাকে বিশ্বাস করে তাঁরা তাঁদের মতামত দিয়েছেন। আমি খুব কষ্ট পেলাম।’
শিল্পীদের নিয়ে মন্তব্যের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে পপি বলেন, ‘একজন শিল্পী কিন্তু রাতারাতি তৈরি হন না। দীর্ঘদিনের পরিশ্রম, কষ্ট ও ত্যাগের মধ্য দিয়ে একজন শিল্পী তৈরি হন।’
চলচ্চিত্রে এখন কাজ না করলেও নিজের অর্জন নিয়ে পপি বলেন, ‘আমি এখন সিনেমায় কাজ করি না, ঠিক আছে। তার মানে আমাকে নিয়ে যা–তা বলা ঠিক হবে না। সিনেমা করছি না বলে আমার সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে? এত বছর যা অর্জন করেছি, তা মৃত্যুর আগপর্যন্ত থাকবে।’
শেষে তিনি বলেন, ‘মৃত্যুর আগপর্যন্ত সিনেমার মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটা বাজে শব্দ বের হবে না। কারণ, আমি যত দিন কাজ করেছি, সম্মানের সঙ্গে মানুষের ভালোবাসা নিয়েই কাজ করেছি।’