কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান নিয়ে সাজানো ট্রিবিউট প্রকল্প ‘উত্তরাধিকার’-এর কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সংগীতায়োজনে প্রকাশিত গানগুলো নিয়ে শ্রোতা-ভক্তদের একাংশের সমালোচনা ও আপত্তির পর এ সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে শুরু হয় ‘উত্তরাধিকার’ প্রকল্পের যাত্রা। এতে তাঁর জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে সাতটি গান প্রকাশ পেয়েছে। তবে গানগুলোর নতুন সংগীতায়োজন নিয়ে শুরু থেকেই বাচ্চুভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এ পরিস্থিতিতে গত রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত অংশীজনদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, ইতোমধ্যে অনলাইনে প্রকাশিত চারটি গান প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি বাকি অপ্রকাশিত গানগুলোও আপাতত প্রকাশ করা হবে না।
এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) সবার কাছে একটা আবেগের ব্যাপার। তাঁর কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। শিগগিরই বসের পরিবারের সবার সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল করা হবে। তারপর গানগুলো তাঁরা সবাই ঠিকঠাক মনে করলে তখন প্রকাশ করা হবে।’
আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও প্রকল্পটি আপাতত স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা এ সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তাঁর গানগুলো নতুন করে পরিবেশন করা হয়েছে। এর পেছনে ব্যক্তিগতভাবে কোনো আর্থিক লাভের উদ্দেশ্য ছিল না।
তাদের মতে, গান ভালো না লাগলে সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে আইয়ুব বাচ্চুর গান অন্য কেউ গাইতে পারবেন না—এমন মানসিকতাকে তারা উগ্রবাদী আচরণ হিসেবে দেখছেন।
প্রকল্পটির আওতায় প্রকাশিত সাতটি গানের মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে এসেছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রুপালি গিটার’। এ ছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়েছে।
তবে সমালোচনার পর আপাতত বন্ধ রয়েছে ‘উত্তরাধিকার’-এর পরবর্তী গান প্রকাশের কার্যক্রম। আইয়ুব বাচ্চুর পরিবারের সঙ্গে আলোচনা করে তাঁদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে প্রকল্পটির গানগুলো প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।