সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ গ্রেপ্তার ৮

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে খুলনার খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট) রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। এ সময় নাশকতাসহ একাধিক মামলার আসামি কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে দৌলতপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ বলেন, জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ জেলাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *