সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ সুপার মার্কেটকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার ওলিউর রহমানকে (৫৮) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট)  দুপুর থেকে বিকেল পর্যন্ত  সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। এ সময় বিপুল মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।

অভিযানের বিষয়ে ভুক্তভোগী বাবুল মিয়া বলেন, শিশুর জন্য ওই সুপার মার্কেট থেকে দুই প্যাকেট দুধ কিনেছিলেন তিনি। শনিবার শিশুকে সেই দুধ খাওয়ানোর পর অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হলে তারা ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে বিপুল মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়।

বাবুল মিয়া বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মজুতের প্রমাণ পাওয়া যায়।

পায়রা চৌধুরী আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা এবং ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *