গোপালগঞ্জের পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে পৃথক তিন উপজেলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (১৬ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা সর্দি এলাকায় কুমার নদী থেকে মিজানুর রহমান (৬২) নামের এক বৃদ্ধের লাশ, দুপরে সদর উপজেলার কাজুলিয়া গ্রাম থেকে শান্ত মোল্লা (২০) নামে এক যুবকের এবং গতকাল শনিবার বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের শাফলীডাঙ্গা গ্রাম থেকে বাবুল মিয়া (৫৩) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার সিনদিয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব বলেন, শনিবার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় কুমার নদে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পাড়ে যাওয়ার সময় পানিতে তলিয়ে যায় বৃদ্ধ মিজানুর রহমান খলিফা। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে উপজেলার ভট্টাচার্য্য কান্দি এলাকায় কুমার নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মিজানুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিবির কান্দি গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে।

অপরদিকে, আজ দুপুরে সদর উপজেলার কাজুলিয়া গ্রামে নিজ ঘর থেকে শান্ত মোল্লা নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, নেশা করতে টাকা না দেওয়ায় রাতের যেকোনো সময় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলে সে আত্মহত্যা করে। সকালে শান্তকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশের খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। সে সদর উপজেলার কাজুলিয়া গ্রামের জামাল মোল্লার ছেলে।

এ ছাড়া গতকাল শনিবার বিকেলে কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজের বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বাবুল মিয়া নামে এক কৃষকের লাশ। সে উপজেলার সীতাইকুন্ডু গ্রামের মৃত অনন্ত কুমাররের ছেলে।

নিহতের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, দীর্ঘ কয়েক বছর আগে সে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে আমাকে বিয়ে করেন। আমাদের সংসারে এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। আমি কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে জনতা ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে কাজ করি। সেখান থেকে বাড়িতে এসে দেখি ঘরের আড়ার সঙ্গে আমার স্বামীর লাশ ঝুলছে। সে প্রচণ্ড মাদকাসক্ত ছিল। মাদক সেবনের কারণে কোনো ধরনের হতাশা থেকেও সে আত্মহত্যা করতে পারে পারে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ও সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে তাদের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *